চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মানিক গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মানিক গ্রেপ্তার।   ছবি: আরটিএনএন

রাজধানীর যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিককে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী জানান, আলাউদ্দিন মানিকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুত করা চাঁদাবাজদের তালিকাতেও তার নাম রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিক দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় একটি প্রভাবশালী চক্র পরিচালনা করছিলেন। তার সঙ্গে ভাই বিল্লাল ওরফে ‘হাইড্রোলিক’ বিল্লাল, সুমন ও রোমান মিলে পরিবহন ও গাড়ির যন্ত্রাংশ ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পরিচালিত ‘শফি মটরস’ নামের দোকান থেকে জোরপূর্বক যন্ত্রাংশ কিনতে চাপ দেওয়া হতো। কেউ অস্বীকৃতি জানালে বাস কাউন্টারে হামলা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটত। বিভিন্ন জিডিতে সংঘবদ্ধ হামলা, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগও উঠে এসেছে।

এছাড়া একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মানিকের ছোট ভাই সুমন এক ব্যবসায়ীকে মারধর ও গরম চা নিক্ষেপ করে দগ্ধ করেন। ওই হামলার পেছনে মানিকের নির্দেশনা ছিল বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ থাকা সত্ত্বেও চক্রটির দৌরাত্ম্য বন্ধ হয়নি। ফলে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।