নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাশিদ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া বাজারের পাশে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাশিদ ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে।

খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় তার স্ত্রী অক্ষত আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আব্দুর রাশিদ পেশায় কৃষক। সে রাজাবাড়িয়া বাজারের পাশে ধান চাষ করেছিলেন। স্ত্রীকে নিয়ে আব্দুর রাশিদ ওই ধান কাটছিলেন। ধান কাটার সময় বৃষ্টিও হচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাতে আব্দুর রাশিদ গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন টের পেয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।