মৃত্যু, বজ্রাঘাত
পাবনার সাঁথিয়ায় বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু।   ছবি: আরটিএনএন

​পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার করমজা ইউনিয়নের পৃথক দুই গ্রামে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউড়ি বারোয়ানি গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)।

​স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান।

সে সময় আকাশ মেঘলা থাকলেও কোনো বৃষ্টি বা দমকা হাওয়া ছিল না। ঘাস কাটা অবস্থায় হঠাৎ বজ্রাঘাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দূর থেকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আকরাম হোসেন বিকেলে তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। 

এ সময় কোনো বৃষ্টি না থাকলেও তার ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে আবু সাইদ ঘটনাস্থলে নিহত হন। তিনি খুবই সহজ-সরল ও পরোপকারী মানুষ ছিলেন।