ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজির সংঘর্ষ, নিহত ৩
মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটেছে।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক, সহকারী এবং অটোরিকশার চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত তিন নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম বলেন, ‘ট্রাক ও সিএনসি দুটোই দ্রুতগতিতে আসছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়।’

আরেক প্রত্যক্ষদর্শী ইবরাহিম তালুকদার জানান, তিনি পাশের একটি অটোরিকশায় ছিলেন। দুর্ঘটনার পর তিনি আহতদের সড়কের পাশে সরিয়ে নিতে সহায়তা করেন এবং পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।