মে দিবসে কুড়িগ্রামে এইচআরডিএস-এর পদযাত্রা ও পরিচিতি সভা সম্পন্ন
হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও পরিচিতি সভা অনুষ্ঠিত।   ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস), কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কর্মসূচির সূচনা হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অংশগ্রহণকারীরা প্রথমে একত্রিত হয়ে পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। পরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে একটি পদযাত্রা বের করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এইচআরডিএস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, রাজারহাট উপজেলা প্রতিনিধি সামির সাখি মাহিন, এরশাদুল হক, কুড়িগ্রাম সদর প্রতিনিধি শরিফুল ইসলাম তানভির, রুকাইয়া রুপা, আল আমিন ইসলাম, মিনহাজুল ইসলাম এবং নাহিদ ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মীরা।

এ সময় আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বছর সারা দেশে অন্তত ৩০ জন শ্রমিক কর্মক্ষেত্রে নিহত হয়েছেন। কুড়িগ্রামে রাজনৈতিক সহিংসতা বাড়ছে এবং বিভিন্ন কারণে শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ শ্রমিকদের অধিকার আদায়ে ১ মে-কে কেন্দ্র করে সীমিত কর্মসূচিই বেশি দেখা যায়। শ্রমিকের অধিকারই মানবাধিকার এটি প্রতিষ্ঠায় আমরা সারা বছর সোচ্চার থাকবো।

পদযাত্রা শেষে পুনরায় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় কুড়িগ্রামে মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।