পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট : কলেজছাত্র গ্রেপ্তার, সারাদেশ, পানি সম্পদ প্রতিমন্ত্রী, আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার, পুলিশ,
আটককৃত কলেজ ছাত্র নিশাত ইসলাম।   ছবি: আরটিএনএন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিশাত ইসলাম (১৬) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় ওই কলেজ ছাত্রের বিরুদ্ধে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে শনিবার (২৫ এপ্রিল) সকালে সাইবার সুরক্ষা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার হওয়া কলেজ ছাত্র নিশাত ইসলাম ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে। তিনি সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ সূত্রে জানা যায়, নিশাত ইসলাম তার ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।’

পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরবর্তীতে নিশাত সেটি মুছে ফেলেন বলেও জানা গেছে। এদিকে, পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন খবর পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিশাত ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।