নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ১০৫ বোতল ভারতীয় মদ জব্দ, বিজিবি, ভারতীয় মদ, ভারতীয় মদ উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার অভিযান, চোরাচালান,
বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ১০৫ বোতল ভারতীয় মদ।   ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ এপ্রিল) সকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ৩১ বিজিবির একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়নের লেংগুড়া বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৭৪ এমপি থেকে প্রায় আড়াইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় সেখান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ‘রয়েল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩১ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত মদের বোতলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।