ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ।
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।   ছবি: আরটিএনএন

সীমান্তজুড়ে চোরাচালান প্রতিরোধে জোরালো অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১২ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একাধিক পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। অভিযানগুলো চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, কাজিয়াতলী, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এলাকা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা সীমান্ত এলাকায়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বাজি, জিরা, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জনসন বেবি পাউডার, সাবান, রেডবুল এনার্জি ড্রিংকস, মশার কয়েল ও অকটেনসহ বিভিন্ন সামগ্রী। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৭০ লাখ ৪ হাজার ১২০ টাকা।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, টানা অভিযানে বিজিবির এই তৎপরতা চোরাচালান দমনে ইতিবাচক বার্তা দিচ্ছে।