স্বরাষ্ট্রমন্ত্রী,সারদা,পুলিশ একাডেমি,
পুলিশকে অতীতের পোশাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   ছবি: সংগৃহীত

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার  দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির  বক্তব্যে একথা জানান তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।" তিনি পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক, সেবাধর্মী এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের কাছে সেবা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ সংস্কার কমিশন গঠন। এই কমিশনের মাধ্যমে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখা হবে, যার সুফল অচিরেই সবাই পাবে।"

এদিন কুচকাওয়াজে ৪৩ তম বিসিএস পুলিশ ব্যাচের ৭২ জন এএসপি তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে চাকরিতে যোগ দেবেন।