মালয়েশিয়া প্রবাসী আমির হোসেন।
মালয়েশিয়া প্রবাসী আমির হোসেন।   ছবি: আরটিএনএন

রিবারকে স্বাবলম্বী করতে এবং সকলের মুখে হাসি ফুটাতে ৩০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- বিগত ২৭ বছর ধরেই তিনি ছিলেন পরিবারের কাছে নিখোঁজ। এরমধ্যে ১৫ বছর কেটেছে মালয়েশিয়ার গভীর জঙ্গলে।

দীর্ঘ ৩০ বছর পর দেশে ফিরছেন আমির হোসেন তালুকদার। মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের (OD162) ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

জানা গেছে, প্রায় ৩০ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর ধরে তার কোনো খোঁজ পায়নি পরিবার। সময়ের সাথে সাথে স্বজনরা প্রায় ধরে নিয়েছিলেন হয়তো তিনি আর বেঁচে নেই।

সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্যোগে এক নাটকীয় মোড় নেয় এই ঘটনা। 

স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ার জঙ্গলে মানবেতর জীবনযাপন করছিলেন। সেখান থেকে উদ্ধার করে তার পরিচয় শনাক্তে এগিয়ে আসেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস ও পেনাং রাজ্যের দিপু নামের এক প্রবাসীর উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা দ্রুত সাড়া ফেলে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আমির হোসেনকে শনাক্ত করেন। এরপর প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস এর উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে।

এই ফিরে আসা শুধু একটি মানুষের নয়, এটি এক পরিবারের বহু বছরের অপেক্ষা, বেদনা ও আশার অবসান। একইসাথে এটি প্রবাস জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার একটি মর্মস্পর্শী উদাহরণ, যা আমাদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দেয়। 

 

এসএস