রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক (রেশম) শিল্পকে ঘুরে দাঁড় করাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার।
রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক (রেশম) শিল্পকে ঘুরে দাঁড় করাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার।   ছবি: আরটিএনএন

রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক (রেশম) শিল্পকে ঘুরে দাঁড় করাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। গবেষণা জোরদার করতে এ খাতে বরাদ্দ বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত ‘রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নত মানের সুতা উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও গবেষণা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বছর গবেষণার বরাদ্দ ৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হচ্ছে। পাশাপাশি প্রায় সাড়ে ১১ হাজার রেশম চাষীকে কৃষক কার্ডের আওতায় আনার কাজ চলছে।

তিনি আরও বলেন, চাষীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে, যা নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে এবং আমদানি নির্ভরতা কমাতে চীন ও জাপানের মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন তিনি।

এর আগে সকালে প্রতিমন্ত্রী রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং রেশম বোর্ডের কারখানা পরিদর্শন করেন।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি বলেন, ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে রেশম শিল্পের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে।

মতবিনিময় পর্বে সপুরা সিল্কের পরিচালক সাজ্জাদ আলী বলেন, সুতার মানোন্নয়ন ছাড়া এ শিল্প এগোবে না। আধুনিক পদ্ধতি গ্রহণ এবং বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানসহ রেশম খাতের সংশ্লিষ্টরা।