ই-মেইল দেখার অভ্যাস বদলে দিতে পারে নতুন এআই ইনবক্স
ই-মেইল দেখার অভ্যাস বদলে দিতে পারে নতুন এআই ইনবক্স   ছবি: সংগৃহীত

ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট Google। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় মেইল সেবা জিমেইলে যুক্ত করতে যাচ্ছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর “এআই ইনবক্স” ফিচার, যা ব্যবহারকারীদের ই-মেইল ব্যবস্থাপনাকে আরও সহজ ও দ্রুত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জিমেইল অ্যাপে এই সুবিধা যুক্ত করা হচ্ছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে গুগলের এআই আলট্রা ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে বলে প্রযুক্তিবিষয়ক একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন এআই ইনবক্স চালু হলে জিমেইল অ্যাপের নিচের নেভিগেশন বারে থাকা ‘মেইল’, ‘চ্যাট’ ও ‘মিট’ অপশনের পাশে আলাদা একটি ‘এআই ইনবক্স’ ট্যাব দেখা যাবে। এটি চালু করলে ব্যবহারকারীর সামনে সরাসরি গুরুত্বপূর্ণ কাজের তালিকা, জরুরি বার্তা এবং ই-মেইলের সারসংক্ষেপ উপস্থাপন করবে সিস্টেমটি।

প্রচলিত ইনবক্সে যেখানে ধারাবাহিকভাবে সব ই-মেইল দেখা যায়, সেখানে এআই ইনবক্সে গুরুত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় তথ্য, করণীয় কাজ এবং আলোচনার সারসংক্ষেপের ওপর। এতে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় ই-মেইল ঘাঁটাঘাঁটি কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ফিচারটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ‘সাজেস্টেড টু-ডু’ সুবিধা। এর মাধ্যমে ই-মেইল বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে করণীয় কাজের একটি তালিকা তৈরি করবে সিস্টেম। ফলে আলাদা করে নোট বা টাস্ক লিস্ট তৈরি করার প্রয়োজন কমবে।

এছাড়া ‘টপিকস টু ক্যাচ আপ অন’ নামে আরেকটি সুবিধা থাকছে, যার মাধ্যমে দীর্ঘ ই-মেইল থ্রেড বা আলোচনার মূল বিষয়গুলো সংক্ষেপে দেখানো হবে। এতে ব্যবহারকারীরা দীর্ঘ বার্তা না পড়েও দ্রুত মূল তথ্য জানতে পারবেন।

গুগলের মতে, এআই ইনবক্স মূলত দৈনন্দিন কাজের গতি বাড়াতে সহায়তা করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত প্রশ্নের উত্তর দেওয়া, কাজের অগ্রগতি জানা, ফাইল শেয়ার করা এবং বিভিন্ন প্রস্তাবনা বা খসড়া তৈরি করার মতো কাজ আরও সহজে সম্পন্ন করতে পারবেন।