ইরফানকে নিয়ে ওয়াসিম আকরামের আক্ষেপ
ইরফানকে নিয়ে ওয়াসিম আকরামের আক্ষেপ।   ছবি: সংগৃহীত

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি পেসার হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬০ ম্যাচে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৯১৬ উইকেট শিকার করেছেন তিনি। দুর্দান্ত গতি, নিখুঁত সুইং ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বের তাবড় ব্যাটারদের দীর্ঘদিন ভুগিয়েছেন এই কিংবদন্তি। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আক্রামের মানের বাঁহাতি পেসার খুব বেশি দেখা যায়নি। তবে ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের বোলিং অ্যাকশনে অনেকেই আকরামের ছায়া দেখতে পেয়েছিলেন।

২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় পাঠানের। শুরু থেকেই গতি ও কার্যকর বোলিংয়ের পাশাপাশি তার বোলিং অ্যাকশনও নজর কাড়ে। আকরামের অ্যাকশনের সঙ্গে তার মিল ছিল বেশ স্পষ্ট। ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ৩০১ উইকেট শিকার করেন পাঠান। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে ভারতের অন্যতম সফল অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

আকরামের মতো পাঠানও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে ক্রিকেট নিয়ে নিয়মিত মতামত দেন তিনি।

সম্প্রতি ‘১ মিনিট’ পডকাস্টে পাঠানের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে আকরাম জানান, ২০০৪ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবার পাঠানের সঙ্গে তার দেখা হয়েছিল। তখনই পাঠানের ক্রিকেটের প্রতি আগ্রহ ও মানসিকতা তাকে মুগ্ধ করেছিল।

আকরাম বলেন, ‘২০০৪ সালে অস্ট্রেলিয়ায় তার প্রথম সফরে ইরফানের সঙ্গে আমার দেখা হয়। তখন আমি ইএসপিএনস্টার-এর হয়ে ধারাভাষ্য দিচ্ছিলাম। সে আমার বড় ভক্ত ছিল। আমাদের খেলা দেখে বড় হয়েছে। আমি তাকে কিছু টিপস দিয়েছিলাম। তবে ক্যারিয়ারের শুরুতেই সে নিজে ভালো করেছিল। শুরু থেকেই তার অ্যাকশনটা আমার মতো ছিল।’

পাঠানকে দেয়া পরামর্শ প্রসঙ্গে আকরাম আরও বলেন, ‘খেলোয়াড়রা যখন আপনার কাছে কিছু জানতে চায়, তখন মূলত মানসিকতার বিষয়েই পরামর্শ দেয়া হয়। কারণ ওই পর্যায়ে এসে তারা ইতিমধ্যেই দেশের হয়ে খেলার মতো পর্যায়ে পৌঁছে গেছে। কবজির অবস্থান, কীভাবে একজন ব্যাটারকে বুঝতে হবে; এসব বিষয় নিয়ে কথা হতো।’

বোলিংয়ে বৈচিত্র্য ব্যবহারের প্রসঙ্গও উঠে আসে আকরামের কথায়। কখন কোন বৈচিত্র্য ব্যবহার করতে হবে এবং কখন তা না করাই ভালো; এসব নিয়েও পাঠানের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি।

তবে পাঠানের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও তার সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে আক্ষেপ রয়েছে আকরামের। পাকিস্তানকে নিয়ে পাঠানের কিছু সমালোচনামূলক পোস্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ইরফান ভালো ছেলে। এখনো আমার সঙ্গে দেখা করে। তবে এটা আলাদা বিষয় যে, সে মাঝেমধ্যেই পাকিস্তানের বিপক্ষে কিছু না কিছু টুইট করে। আমাদের সমর্থকেরাও প্রস্তুত থাকে। তারাও কোনো কিছু উপেক্ষা করার মানসিকতা রাখে না, সঙ্গে সঙ্গে জবাব দেয়।’