সুবমান গিল, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব।
সুবমান গিল, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব।   ছবি: সংগৃহীত

ভারতের টি–টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আইপিএলে ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব কে সরিয়ে দেওয়ার ভাবনা চলছে বলে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর.

সূর্যকুমারকে সরানো হলে নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য তালিকায় আপাতত চার ক্রিকেটারের নাম ঘুরছে।

সবার আগে আলোচনায় আছেন শ্রেয়াস আইয়ার । আইপিএলে তার নেতৃত্বের প্রশংসা করছেন অনেকেই। দল টানা কয়েকটি ম্যাচ হারলেও মাঠে তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত ও কৌশলী নেতৃত্ব নজর কেড়েছে ক্রিকেট–বিশ্লেষকদের। তবে গৌতম গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক ও কাজের সমীকরণ নিয়ে প্রশ্ন রয়েছে। কেকেআরে গম্ভীরের অধীনে খেলেই আইপিএল জিতেছিলেন শ্রেয়াস। পরে অবশ্য দল ছেড়ে যান তিনি। সেই সময় ট্রফিজয়ের কৃতিত্ব নিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলেও শোনা যায়।

নেতৃত্বের দৌড়ে দ্বিতীয় নাম সুবমান গিলl। বর্তমানে ভারতের টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে আছেন তিনি। টি–টোয়েন্টিতেও তাকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখা হচ্ছিল। যদিও জাতীয় দলের হয়ে এই সংস্করণে ধারাবাহিক ভালো করতে না পারায় বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। তবে আইপিএলে ভালো পারফরম্যান্স তাকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে।

চমক হিসেবে উঠে এসেছে আরও দুটি নাম। তাদের একজন তিলক বর্মা । তরুণ এই ক্রিকেটারকে ভারত ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে, যা নির্বাচকদের আস্থারই ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে অভিজ্ঞতার বিচারে আলোচনায় রয়েছেন সঞ্জু স্যামসন । আইপিএলে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি পর্যায়েও আরও বড় দায়িত্ব পেতে পারেন তিনি। সেই সঙ্গে ভারতের টি–টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবেও তাকে ভাবা হচ্ছে বলে জানা গেছে।