ঢাকায় অনুষ্ঠিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এ ত্রিমুকুট জিতে আলো ছড়িয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী। বর্ষসেরা ক্রীড়াবিদ, বর্ষসেরা ফুটবলার ও পপুলার চয়েজ—এই তিন বিভাগে পুরস্কার জিতেছেন ইংল্যান্ডপ্রবাসী এই ফুটবলার।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) দেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে পুরোনো সংগঠন। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ১৯৬৪ সাল থেকে ক্রীড়াবিদদের সম্মাননা দিয়ে আসছে। শুক্রবার (২২ মে) রাজধানীর একটি হোটেলে ২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়।
ইংল্যান্ডে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি হামজা। তার পক্ষে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পরে ভিডিও কলে যুক্ত হয়ে হামজা সবাইকে ধন্যবাদ জানান।
বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে হামজার সঙ্গে ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। তাদের পেছনে ফেলে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ খেতাব জিতে নেন হামজা। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে জেতেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও। ফুটবলে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা বলেন,
‘এই পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের ধন্যবাদ জানাই। সারা বছর জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম, এখন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে এলাম। এটি আমাদের ক্রীড়াঙ্গনের বড় অর্জন।’
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ। তিনি বলেন, ‘বিএসপিএ দেশের প্রাচীন ক্রীড়া সাংবাদিকদের সংগঠন। এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’
সভাপতির বক্তব্যে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব বলেন, ‘আমাদের ক্রীড়া সাংবাদিকতা বিশ্বমানের। তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট গড়তে চায়।’
এবার ১৬টি বিভাগে মোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
একনজরে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫
- বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী
- পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী
- বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন
- বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা
- বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম
- বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ
- বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা
- বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার
- উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)
- বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)
- বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)
- বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)
- তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)
- বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)
- সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি
- সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
এমএকেই/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!