ট্রফি হাতে ক্রিশ্চিয়ানো রোনালদো।
ট্রফি হাতে ক্রিশ্চিয়ানো রোনালদো।   ছবি: রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদোর চোখের জল যেন আগেই বলে দিয়েছিল, এই শিরোপাটা তার কতটা কাঙ্ক্ষিত। শেষ মুহূর্তে আল হিলালের বিপক্ষে ড্রয়ের পর ডাগআউটে শিশুর মতো কান্না করেছিলেন তিনি। সৌদি প্রো লিগের শিরোপা জয়ের অপেক্ষা তখনও ফুরোয়নি। তবে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটালেন রোনালদো নিজেই।

জোড়া গোলে দলকে জেতালেন, আর সেই জয়ে ২০১৮-১৯ মৌসুমের পর আবারও সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হলো আল নাসর। বৃহস্পতিবার (২১ মে) রিয়াদের আল-আওয়াল পার্কে দামাক এফসিকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ১১তম লিগ শিরোপা নিশ্চিত করেছে ক্লাবটি।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এটাই রোনালদোর প্রথম বড় শিরোপা সৌদি ক্লাবটির হয়ে। গত সপ্তাহে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ফাইনালে গাম্বা ওসাকার কাছে হারের হতাশাও এই জয়ে অনেকটাই মুছে গেছে।

ম্যাচে প্রথম এগিয়ে যায় আল নাসর ৩৩ মিনিটে। কর্নার থেকে আসা বল ফাঁকায় পেয়ে জালে পাঠান সাদিও মানে। পুরো প্রথমার্ধে আক্রমণে প্রাণচাঞ্চল্য ছড়ান জোয়াও ফেলিক্স। ডান প্রান্ত ও মাঝমাঠে ঘুরে ঘুরে আক্রমণের গতি বাড়ান পর্তুগিজ এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান কিংসলে কোম্যান। ৫২ মিনিটে ডান দিক থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত ফিনিশে গোল করেন তিনি।

অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দামাক অবশ্য হাল ছাড়েনি। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মোরলায়ে সিল্লা। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আল নাসর, আর সামনে থেকে নেতৃত্ব দেন রোনালদো।

ফ্রি-কিক থেকে নিজের প্রথম গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। কঠিন কোণ থেকে নেওয়া তার শট কয়েকজন খেলোয়াড়ের ফাঁক গলে জড়িয়ে যায় জালে। এরপর ৮১ মিনিটে আবারও গোল করেন তিনি। কোম্যানের তৈরি করা আক্রমণ থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন আল নাসর অধিনায়ক।

অন্য ম্যাচে আল রিয়াদের জয়ে দামাকের অবনমন নিশ্চিত হয়েছে। আর আল নাসরের জন্য শেষ বাঁশি বয়ে আনে স্বস্তি, উল্লাস আর দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু হতাশার পর শেষ পর্যন্ত সৌদি প্রো লিগের শিরোপা উঠল রোনালদোর হাতেই।