বার্সেলোনা যুব দলের ফুটবলারকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা সালাহ’র মিশরের।
বার্সেলোনা যুব দলের ফুটবলারকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা সালাহ’র মিশরের।   ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিশর। দলটির নেতৃত্বে থাকছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তবে ঘোষিত দলে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বার্সেলোনার অনূর্ধ্ব–১৯ দলের কিশোর ফরোয়ার্ড হামজা আবদেলকরিমের নাম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

মিসরের কোচ হোসাম হাসানের ঘোষিত এই দলে জায়গা হয়নি ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদের। চলতি মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নঁতের হয়ে ২৪ ম্যাচে মাত্র চার গোল করেছেন তিনি। পাশাপাশি ক্লাবটিও অবনমিত হয়েছে ফরাসি লিগ ওয়ান থেকে।

অন্যদিকে বার্সেলোনার যুব দলে দারুণ ছন্দে থাকা হামজা আবদেলকরিমকে মিসরের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফরোয়ার্ড হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের মঞ্চে চূড়ান্ত দলে জায়গা পেলে সেটি হবে তার ক্যারিয়ারের বড় অর্জন।

বিশ্বকাপেও মিসরের আক্রমণভাগে সালাহর অন্যতম সঙ্গী হবেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ। আগামী ২৮ মে কায়রোতে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মিসর। সেই ম্যাচের পর একজন ফুটবলারকে বাদ দিয়ে ফিফার নিয়ম অনুযায়ী ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ হাসান।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মিসর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ২১ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মিসর। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে তাদের প্রতিপক্ষ ইরান।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড (চূড়ান্ত ঘোষণায় বাদ পড়বেন একজন)-

গোলরক্ষক : মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহামেদ আলা।
ডিফেন্ডার : মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতৌহ, করিম হাফেজ।
মিডফিল্ডার : মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।
ফরোয়ার্ড : ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকরিম।