ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো।
ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো।   ছবি: ফেসবুক

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো যোগ দিতে পারেন লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে। এবার সেই গুঞ্জনই যেন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটির সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

গত জানুয়ারিতেই ক্যাসেমিরো জানিয়েছিলেন, চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন তিনি। আগামী ৩০ জুন শেষ হচ্ছে ইংলিশ ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ। ফলে দ্বিতীয় দলবদল উইন্ডোতে ফ্রি এজেন্ট হিসেবেই ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এমএলএসের দ্বিতীয় দলবদল উইন্ডো চলবে ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছিল, ক্যাসেমিরোকে দলে টানতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। শুধু মায়ামিই নয়, এমএলএসের আরেক ক্লাব এলএ গ্যালাক্সি এবং সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদও আগ্রহ দেখিয়েছিল ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে।

ইএসপিএনের ব্রাজিলিয়ান সাংবাদিক ফেলিপে সিলভা ও পেদ্রো আইভো আলমেইদার তথ্য অনুযায়ী, গত মার্চে ক্যাসেমিরোর সঙ্গে যোগাযোগ করেছিল ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি। যদিও সে সময় আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তবে ক্যাসেমিরোর প্রথম পছন্দ ছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি।

তবে এই চুক্তির পথে কিছু জটিলতাও রয়েছে। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব নির্দিষ্ট সংখ্যক ‘ডেজিগনেটেড প্লেয়ার’ রাখতে পারে। বর্তমানে ইন্টার মায়ামির সেই তিনটি স্থান দখল করে আছেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও জার্মান বার্তারামে। ফলে ক্যাসেমিরোকে দলে নিতে হলে ভিন্ন কাঠামোয় পারিশ্রমিকের সমাধান করতে হবে ক্লাবটিকে।

এ ছাড়া এলএ গ্যালাক্সির হাতে রয়েছে ক্যাসেমিরোর ‘ডিসকভারি রাইট’। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার প্রাথমিক অধিকার পেতে তাকে ডিসকভারি তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। প্রথমে ক্যাসেমিরোর জন্য আগ্রহ দেখানোয় সেই অধিকার এখন গ্যালাক্সির হাতে। তাই মায়ামিতে যোগ দিতে হলে আগে এই জটিলতার সমাধান করতে হবে।

এদিকে সামনে রয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ফিফা বিশ্বকাপ। ইতিমধ্যেই ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো। তাই আপাতত তাঁর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপ মিশনেই।