পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।   ছবি: আইসিসি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে নিজেদের ভুল আর সুযোগ কাজে লাগাতে না পারার কথাই সামনে আনলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ২৭৮ রান। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আরও ৩৯০ রান তোলে স্বাগতিকরা। ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য। তবে শেষ পর্যন্ত ৩৫৮ রানেই থেমে যায় শান মাসুদের দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘অনেক ভুল হয়েছে। চতুর্থ ইনিংসে ৩৬০ রান করলে সাধারণত আপনি ম্যাচ জয়ের আশা করেন। কিন্তু আগের তিন ইনিংসে আমরা যেভাবে খেলেছি, সেখানেই পিছিয়ে পড়েছি। সেই ভুলগুলোই লক্ষ্যটা অনেক বড় করে দিয়েছে।’

প্রথম ইনিংসে বাংলাদেশের বিপর্যয়ের সময় সুযোগ কাজে লাগাতে না পারাকেও বড় কারণ হিসেবে দেখছেন শান মাসুদ। ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তান অধিনায়কের মতে, সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়।

তিনি বলেন, ‘তারা যখন ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছিল, তখন আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। কিন্তু শেষ চার উইকেটে তারা অনেক রান যোগ করেছে। আমরা সুযোগ হাতছাড়া করেছি।’

শুধু বোলিং নয়, ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেছেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা ১৪২ রানে ৪ উইকেটে ছিলাম, তখন দুইজন সেট ব্যাটসম্যান ক্রিজে ছিল। টেস্ট ক্রিকেটে সেখান থেকে বড় ইনিংস খেলতে হয়। কিন্তু আমরা সেটা করতে পারিনি। প্রথম তিন ইনিংসের ভুলগুলোর কারণেই শেষ দুই দিনের লড়াই জয়ে রূপ নেয়নি।’

 

এমএকেই/আরটিএনএন