কঙ্গোর ফুটবলাররা পেলো যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি।
কঙ্গোর ফুটবলাররা পেলো যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি।   ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সেই অবস্থানে আংশিক শিথিলতা আনছে মার্কিন প্রশাসন। বিশেষ বিবেচনায় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (ডিআর কঙ্গো) ফুটবল দলের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ইবোলার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান সফর করেছেন—এমন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই তিন দেশের মধ্যে শুধু ডিআর কঙ্গোই এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে কঙ্গো দলটি দীর্ঘদিন ধরেই ইউরোপে অবস্থান করছে। ফলে অধিকাংশ খেলোয়াড়ের ক্ষেত্রেই ২১ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা নয়। তবে দলের কোনো সদস্য সম্প্রতি কঙ্গো সফর করে থাকলেও তাদের জন্য বিশেষ ছাড় রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে এই সুবিধা শুধু ফুটবল দলের সদস্যদের জন্যই প্রযোজ্য হবে। সাধারণ দর্শক বা সমর্থকদের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকছে। স্টেট ডিপার্টমেন্টের ওই কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গো থেকে আসা সমর্থকেরা বিশেষ অনুমতির আওতায় পড়বেন না। ফলে ইবোলা–সংক্রান্ত বিধিনিষেধের কারণে তাঁদের অনেকেই মাঠে বসে দলের খেলা দেখার সুযোগ পাবেন না।

বিশ্বকাপের ‘গ্রুপ এইচ’-এ থাকা ডিআর কঙ্গো আগামী ১৭ জুন টেক্সাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।