২২ বছর পরে শিরোপা জিতলো আর্সেনাল।
২২ বছর পরে শিরোপা জিতলো আর্সেনাল।   ছবি: সংগৃহীত

সব নাটকীয়তা ও হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল আর্সেনাল। মঙ্গলবার (১৯ মে) রাতে বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ড্রয়ের পর এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় মিকেল আর্তেতার দল। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল উত্তর লন্ডনের ক্লাবটি।

ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায়। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচে হারলেও আর্সেনালকে আর টপকানোর সুযোগ থাকছে না পেপ গার্দিওলার দলের সামনে।

গত কয়েক মৌসুমে শেষ মুহূর্তে এসে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারাতে হয়েছে আর্সেনালকে। এবারও সমর্থকদের মনে শেষ দিনের স্নায়ুচাপের আশঙ্কা ছিল। তবে ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে সিটির পয়েন্ট হারানোয় সেই নাটকীয়তার আর প্রয়োজন পড়েনি।

ফলে আগামী রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি আর্সেনালের জন্য আর বাঁচা-মরার লড়াই নয়। বরং সেলহার্স্ট পার্কে সেটি হতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়নদের উৎসবের আনুষ্ঠানিকতা।

এদিকে প্রিমিয়ার লিগ জয়ের পর এবার ডাবল শিরোপার স্বপ্ন দেখছে আর্সেনাল। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটি।

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বোর্নমাউথের মাঠে জয়ের কোনো বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির সামনে। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে গার্দিওলার দল। পরে আর্লিং হালান্ড সমতা ফেরালেও জয় তুলে নিতে পারেনি সিটি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।