বিশ্বকাপ দলে থাকবেন কি নেইমার?
বিশ্বকাপ দলে থাকবেন কি নেইমার?   ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সামনে রেখে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনা—কারা জায়গা পাচ্ছেন দলগুলোতে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তিদের স্কোয়াড নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। ইতিমধ্যে ফ্রান্স তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। আর্জেন্টিনাও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দেশটির গণমাধ্যমে খবর, ২২ জনের তালিকা প্রায় চূড়ান্ত। এবার অপেক্ষা শুধু ব্রাজিলের।

আজ (১৮ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই ঘোষণার কেন্দ্রবিন্দুতে আছেন নেইমার। চোট কাটিয়ে প্রাথমিক দলে জায়গা পাওয়া এই তারকা শেষ পর্যন্ত মূল স্কোয়াডে থাকবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। সেই প্রশ্নের উত্তর দেবেন কোচ কার্লো আনচেলত্তি।

রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরোতে স্থানীয় সময় বিকেল ৫টায় দল ঘোষণা করবেন ইতালিয়ান এই কোচ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আয়োজনে অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত থাকবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক এই অনুষ্ঠান কভার করবেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি এবং সিবিএফ টিভির ইউটিউব চ্যানেল। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় জানা যাবে ব্রাজিলের বিশ্বকাপ দলে কারা থাকছেন।

বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৪ জুন, প্রতিপক্ষ মরক্কো। এরপর ২০ জুন হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ২৫ জুন তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।