মেসি ও লু দেল পোলো।
মেসি ও লু দেল পোলো।   ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ক্লাব ফুটবলের মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় দলগুলোর প্রস্তুতি শুরু হবে পূর্ণমাত্রায়। তবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছেন আরও আগেই।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি-র হয়ে নিয়মিত খেলার পাশাপাশি নিজেকে সেরা শারীরিক অবস্থায় রাখতে বাড়তি অনুশীলন করছেন মেসি। বিশ্বকাপকে সামনে রেখে বর্তমানে ডাবল ট্রেনিংয়ে মন দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়া মেসির অর্জনের ঝুলিতে আছে প্রায় সব বড় শিরোপাই। ২০২২ সালে জিতেছেন দীর্ঘদিনের আরাধ্য বিশ্বকাপও। এরপরও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। বরং ফিটনেস ও প্রস্তুতিতে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির সতীর্থ রদ্রিগো ডি পল জানিয়েছেন, বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে তাঁরা দুজনই আলাদা পরিকল্পনায় কাজ করছেন। আর্জেন্টিনার এই মিডফিল্ডার বলেন, ক্লাবের অনুশীলনের বাইরে আরও বিশেষ ফিটনেস পরিকল্পনা অনুসরণ করছেন তাঁরা।

স্প্যানিশ গণমাধ্যম লু দেল পোলো–কে দেওয়া সাক্ষাৎকারে ডি পল বলেন, “দুই–তিন মাস আগে থেকেই ক্লাবের অনুশীলনের বাইরে আমাদের নিজস্ব প্রশিক্ষণ পরিকল্পনা আছে। সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে আমরা নিজেদের সর্বোচ্চটা দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা নিজেদের জন্য দ্বিগুণ অনুশীলনের পরিকল্পনা করেছি। আমাদের আলাদা প্রশিক্ষকও আছেন। বিশ্বকাপের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।”

চলতি মেজর লিগ সকার মৌসুমেও দারুণ ছন্দে আছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত করেছেন ১২ গোল, সঙ্গে আছে চারটি অ্যাসিস্ট। সর্বশেষ পোর্টল্যান্ড টিম্বার্সর বিপক্ষে দলের জয়ে গোল ও অ্যাসিস্ট—দুটিই ছিল তাঁর নামের পাশে।

নতুন ভেন্যুতে তিন ড্র ও এক হারের পর সেটিই ছিল মায়ামির প্রথম জয়। বিশ্বকাপের আগে ক্লাবটির হয়ে আর একটি ম্যাচ খেলবেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নর বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা দলে যোগ দেওয়ার কথা রয়েছে মেসি ও ডি পলের।