পাকিস্তান নারী দলের বিশ্বকাপ দল ঘোষণা।
পাকিস্তান নারী দলের বিশ্বকাপ দল ঘোষণা।   ছবি: আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনো নকআউট পর্বে ওঠা হয়নি পাকিস্তান নারী দলের। নয়টি আসরের প্রতিটিতেই অংশ নিলেও গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি তারা। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এর আগে আয়ারল্যান্ডের ডাবলিনে স্বাগতিকদের ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ ও বিশ্বকাপ—দুই টুর্নামেন্টের জন্যই একই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।

ফাতিমা সানার নেতৃত্বাধীন দলে এবার প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন আয়মান ফাতিমা, নাটালিয়া পারভেজ, রামিন শামিম, সাইরা জাবিন ও তাসমিয়া রুবাব। টানা দ্বিতীয় বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সানা।

বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করেছে পাকিস্তান। সম্প্রতি ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা। এরপর ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত ডাবলিনে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। সেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

আগামী ১৪ জুন বার্মিংহামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তার আগে ৬ জুন শ্রীলঙ্কা ও ৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

বিশ্বকাপের ‘গ্রুপ–১’-এ পাকিস্তানের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

আগামী ৫ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল।

পাকিস্তানের বিশ্বকাপ দল:
ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডিয়ানা বেগ, আয়মান ফাতিমা, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলি (উইকেটকিপার), নাশরা সান্ধু, নাটালিয়া পারভেজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সাইরা জাবিন, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।

রিজার্ভ:
আম্বার কাইনাত, মোমিনা রিয়াসাত, সাদাফ শামস, সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ ও উম্মে হানি।