গোল করেছেন ওলি ওয়াটকিন্স।
গোল করেছেন ওলি ওয়াটকিন্স।   ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের শেষ ভাগে এসে যেন ছন্দ হারিয়ে ফেলেছে লিভারপুল। পারফরম্যান্স আর ভাগ্য—দুটিই যেন মুখ ফিরিয়ে নিয়েছে আর্নে স্লটের দলের কাছ থেকে। সর্বশেষ ধাক্কাটা এল অ্যাস্টন ভিলার মাঠে।

ভিলা পার্কে ৪-২ গোলের হারে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে অলরেডরা। অন্যদিকে এই জয়ে শীর্ষ পাঁচ নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।

ম্যাচের আগে থেকেই উচ্ছ্বসিত ছিল উনাই এমেরির দল। প্রায় তিন দশক পর বড় কোনো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। আগামী বুধবার (২০ মে) উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হবে ভিলা। তার আগে লিভারপুলকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল তারা।

ঘরের মাঠে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণ আর সুযোগ তৈরিতে দারুণ লড়াই করেছে ভিলা। ম্যাচের ৪২ মিনিটে মরগান রজার্সের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। বিরতির পর ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে সমতায় ফেরে লিভারপুল। তবে সেই সমতা বেশিক্ষণ টেকেনি।

পাঁচ মিনিট পরই ওলি ওয়াটকিন্স গোল করে আবারও এগিয়ে দেন অ্যাস্টন ভিলাকে। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ইংলিশ এই ফরোয়ার্ড। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আলোচনার মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ওয়াটকিন্স।

ম্যাচে ফেরার চেষ্টা করছিল লিভারপুল। কিন্তু ৮৯ মিনিটে জন ম্যাকগিন গোল করলে ভিলার জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও তাতে শুধু ব্যবধানই কমেছে।

এই হারে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। আর্নে স্লটের অধীনে দুই মৌসুমে এই প্রথম এক ম্যাচে চার গোল হজম করল দলটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তাদের ১৯তম হার।

৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের চারে আছে অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে হারলেও শীর্ষ পাঁচের বাইরে যাওয়ার শঙ্কা নেই তাদের। অন্যদিকে লিভারপুল ৩ পয়েন্ট পিছিয়ে পাঁচ নম্বরে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড, যারা বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে।