শাকিরা–বুর্না বয়।
শাকিরা–বুর্না বয়।   ছবি: সংগৃহীত

সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের টিজার প্রকাশ করে ভক্তদের আগ্রহ বাড়িয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। অবশেষে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উন্মোচিত হলো বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’।

বড় সব স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শুক্রবার (১৫ মে) গানটি প্রকাশ করা হয়েছে। ‘দাই দাই’ গানে কণ্ঠ দিয়েছেন শাকিরার সঙ্গে নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়।

 গানটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানিয়েছে, এ গান থেকে পাওয়া সব রয়্যালটি জমা হবে তাদের ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’। টুর্নামেন্ট শেষে এই তহবিলে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির।

ফিফার ভাষ্য, এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

আগামী বিশ্বকাপ বসছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এবারের আসর, যা হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালের হাফটাইম শোতে অংশ নেবেন ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস।

তবে ফাইনালের সেই জমজমাট আয়োজনের আগে ফুটবলভক্তদের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে ৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’।

বিশ্বকাপের মঞ্চে শাকিরা অবশ্য নতুন নন। ২০১০ বিশ্বকাপের বহুল জনপ্রিয় থিম সং ‘ওয়াকা ওয়াকা’র প্রধান শিল্পী ছিলেন তিনি। এ ছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করেছেন এই কলম্বিয়ান তারকা।