ক্রিকেট জগতে প্রবেশ করছে সৌদি আরব, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ
সৌদিতে শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ ।   ছবি: সংগৃহীত

ফুটবল, গলফ ও টেনিসে বিপুল বিনিয়োগের পর এবার ক্রিকেটের মাঠে নামছে সৌদি আরব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে দেশটি শুরু করতে যাচ্ছে তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ‘ডিউনস লিগ টি-টোয়েন্টি’ নামের এই আসরটি আগামী অক্টোবরেই মাঠে গড়ানোর পরিকল্পনা রয়েছে।

সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের (এসএসিএফ) অনুমোদিত এই লিগে মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ও জনপ্রিয় তারকাদের প্রাধান্য দেওয়া হবে। এরই মধ্যে ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

লিগ কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেবে। জেদ্দার নিকটবর্তী তায়েফ শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। দক্ষিণ এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে দুটি আন্তর্জাতিক ট্যালেন্ট এজেন্সি—ইউনিক স্পোর্টস গ্রুপ ও প্রোলিথিক।

আইনি জটিলতা ও আইসিসির বিশেষ অনুমোদন এড়াতে লিগ কর্তৃপক্ষ একটি কৌশলী নিয়ম রেখেছে। প্রতিটি দলে সর্বোচ্চ চারজন ক্রিকেটার থাকতে পারবেন, যারা গত দুই বছরের মধ্যে কোনো পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর ফলে বড় তারকাদের অংশগ্রহণ যেমন নিশ্চিত হবে, তেমনি টুর্নামেন্ট আয়োজনেও কোনো বাধা থাকবে না।

বিগত কয়েক বছর ধরেই ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া সৌদি আরব। আইসিসির স্পনসরশিপ ও আইপিএল নিলামের সঙ্গে সম্পৃক্ততার পর এবার নিজস্ব লিগ আয়োজনের মাধ্যমে ক্রিকেটে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় দেশটি। এই লিগে শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের জন্য প্রায় এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পারিশ্রমিকের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এর আগে ‘লিভ গলফ’ দিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে যেমন বড় পরিবর্তন এনেছিল সৌদি আরব, এই ডিউনস লিগও ক্রিকেট বিশ্বে একই ধরনের প্রভাব ফেলতে পারে।