জরিমানা পেল রিয়াল মাদ্রিদ।
জরিমানা পেল রিয়াল মাদ্রিদ।   ছবি: ইউএফা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে উদ্দেশ করে সমকামী-বিদ্বেষী স্লোগানের ঘটনায় দেওয়া উয়েফার শাস্তির বিরুদ্ধে আপিল করেও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। খেলাধুলার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) রিয়ালের আবেদন খারিজ করে দিয়েছে।

গত ১৪ এপ্রিল তিন বিচারকের বেঞ্চ এ রায় দেন। পরে প্রকাশিত ৩৮ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপে আদালত বলেছে, গ্যালারি থেকে দেওয়া ওই স্লোগান ছিল ‘বৈষম্যমূলক ও আপত্তিকর’, যাকে কোনোভাবেই সাধারণ ঠাট্টা হিসেবে দেখা যায় না।

ঘটনাটি গত বছরের ফেব্রুয়ারির। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে রিয়ালের কিছু সমর্থক গার্দিওলাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। পরে এ ঘটনায় রিয়ালকে ৩০ হাজার ইউরো জরিমানা করে উয়েফা। পাশাপাশি শর্তসাপেক্ষে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়।

সিএএসে রিয়ালের আইনজীবীরা দাবি করেছিলেন, ফুটবল মাঠে এ ধরনের স্লোগান ‘মজা’ বা ‘বিদ্রূপের’ অংশ হিসেবেই বিবেচনা করা উচিত। তবে সেই যুক্তি মানেননি বিচারকেরা।

উয়েফার পক্ষ থেকে আদালতে বলা হয়, সমকামীদের প্রতি বিদ্বেষমূলক আচরণ বহু বছর ধরে ফুটবলের জন্য ‘কালো ছায়া’ হয়ে আছে। এই সংস্কৃতি খেলোয়াড়, কোচ ও সমর্থকদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের লুসানে এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উয়েফার আইনজীবীরা আরও বলেন, এমন আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বদলে রিয়াল মাদ্রিদ সামান্য জরিমানার বিরুদ্ধেই আন্তর্জাতিক আদালতে গেছে।

উয়েফা আদালতকে জানায়, চ্যাম্পিয়নস লিগের ওই মৌসুমে রিয়াল ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করেছিল। সেই তুলনায় ৩০ হাজার ইউরোর জরিমানা ছিল খুবই সামান্য।