আইসিসির এপ্রিল মাস সেরা প্লেয়ার নাহিদ রানা।
আইসিসির এপ্রিল মাস সেরা প্লেয়ার নাহিদ রানা।   ছবি: আইসিসি

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা আইসিসির এপ্রিল ২০২৬ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ওয়ানডে সিরিজ খেলেই এই স্বীকৃতি পেয়েছেন ডানহাতি এই গতিতারকা।

এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ রানা নিয়েছিলেন ৮ উইকেট। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি ৮ উইকেট নিয়েছিলেন। টানা দুই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এবার আইসিসির মাসসেরা পুরস্কার উঠেছে তাঁর হাতে।

এটাই নাহিদ রানার ক্যারিয়ারে প্রথম আইসিসি মাস সেরা পুরস্কার। একই সঙ্গে গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজ এই পুরস্কার জেতার পর বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এটিই প্রথম পুরুষ বিভাগে আইসিসির মাসসেরা স্বীকৃতি।

পুরস্কার জয়ের পর নাহিদ রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া সত্যিই দারুণ অনুভূতি।
দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে। এই সিরিজ আমি সবসময় মনে রাখব। সতীর্থদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চাই।”

সিরিজের প্রথম ওয়ানডেতে অবশ্য খুব একটা সফল ছিলেন না নাহিদ। তিনি ১ উইকেট নিলেও খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এই পেসার।

দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন নাহিদ রানা। এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষেও একবার পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ডের ব্যাটারদের শুরু থেকেই চাপে ফেলেন নাহিদ। পাওয়ারপ্লেতে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পরে আরও তিন উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে দেন।

নিউজিল্যান্ড দল অলআউট হয় ১৯৮ রানে। নাহিদের বোলিং ফিগার ছিল ৫ উইকেটে ৩২ রান।

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও কিউই ব্যাটারদের ভোগান তিনি। ম্যাচে আরও ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কারও জেতেন এই পেসার।

পুরো সিরিজে নাহিদ রানার ৮ উইকেট আসে ১৬.৭৫ গড়ে। তাঁর ইকোনমি রেট ছিল ৪.৪৬। এমন দাপুটে বোলিংয়েই ২০২৬ এপ্রিলের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই উদীয়মান তারকা।