ফিফা বিশ্বকাপ উপলক্ষে নির্দিষ্ট কিছু দেশের ফুটবল সমর্থকদের জন্য ভিসা প্রক্রিয়ায় শিথিলতা আনছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত (১৩ মে) বুধবার জানিয়েছে, আগে যেসব আবেদনকারীর কাছ থেকে বড় অঙ্কের ভিসা জামানত বা বন্ড নেওয়া হতো, বিশ্বকাপের দর্শকদের ক্ষেত্রে সেই নিয়মে ছাড় দেওয়া হবে।
অভিবাসন নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দেওয়ার বিধান চালু করে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা। নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে গেলে এই অর্থ ফেরত দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর সদস্য ও বৈধ টিকিটধারী সমর্থকদের ক্ষেত্রে এই জামানত নীতিতে ছাড় থাকবে। তবে আবেদনকারীদের অগ্রাধিকারভিত্তিক ভিসা ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে।
কনস্যুলার–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, ‘বিশ্বকাপের মতো বড় আয়োজনে বৈধ ভ্রমণকে আমরা উৎসাহিত করতে চাই। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অঙ্গীকার।’ তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন ইতিহাসের ‘সবচেয়ে বড় ও সেরা’ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায়।
এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিফা। সংস্থাটির এক মুখপাত্র বলেন, সফল ও স্মরণীয় বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে মার্কিন সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে চলমান সহযোগিতারই প্রতিফলন এ সিদ্ধান্ত।
বিশ্বকাপে জায়গা করে নেওয়া আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার নাগরিকদের জন্য আগে ভিসা জামানত বাধ্যতামূলক ছিল।
তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে হাইতি ও ইরানের মতো কিছু দেশের নাগরিকদের ওপর এখনো যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর বিধিনিষেধ রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানও এবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
এদিকে অভিবাসন নীতির কড়াকড়ি নিয়ে উদ্বেগও বাড়ছে। ‘মেন্ডোজা ল’ ফার্মের এক গবেষণায় বলা হয়েছে, কঠোর ভিসা নীতির কারণে হাইতির সমর্থকেরা হয়তো পর্যাপ্ত সংখ্যায় বিশ্বকাপ দেখতে যেতে পারবেন না। গবেষণায় আরও বলা হয়, ১৫ হাজার ডলারের জামানত সংশ্লিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের গড় তিন বছরের আয়ের সমান।
আগামী ১১ জুন শুরু হবে এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬। যৌথভাবে আসরটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!