ইংল্যান্ড দলের ফিল্ডিং কোচ সারাহ টেইলর।
ইংল্যান্ড দলের ফিল্ডিং কোচ সারাহ টেইলর।   ছবি: ইএসপিএন

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক নারী ক্রিকেটার সারাহ টেইলর। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বেন স্টোকসদের সঙ্গে কাজ করবেন ইংল্যান্ড নারী দলের সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটার।

এর আগে ইংল্যান্ড ‘এ’ দল বা ইংল্যান্ড লায়ন্সের কোচিং স্টাফে ছিলেন সারাহ। সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে সেখানে কাজ করার অভিজ্ঞতাও আছে তাঁর। এবার প্রথমবারের মতো জাতীয় পুরুষ দলের কোচিং স্টাফে যুক্ত হলেন তিনি।

নারী ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের সেরা উইকেটরক্ষকদের একজন হিসেবে পরিচিত ছিলেন সারাহ। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২২৬ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মনোযোগ দেন ৩৬ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। কাউন্টি দল সাসেক্স ও ফ্র্যাঞ্চাইজি দল ম্যানচেস্টার অরিজিনালসের কোচিং স্টাফেও কাজ করেছেন তিনি।

ইংল্যান্ড পুরুষ দলের প্রথম নারী কোচ হিসেবে সারাহর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ইংলিশ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি। তিনি বলেন, “আমার মতে, নিজের কাজে সারাহ এই অঙ্গনের অন্যতম সেরা। অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে কাজ করে সে দারুণ সুনাম কুড়িয়েছে। আমরা বিশ্বাস করি, ফিল্ডিং কোচ হিসেবে সে অসাধারণ অবদান রাখবে।”

আগামী ৪ জুন লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হবে যথাক্রমে ১৭ জুন ওভালে এবং ২৫ জুন ট্রেন্ট ব্রিজে। এই সিরিজ দিয়েই ইংল্যান্ড পুরুষ দলের কোচ হিসেবে অভিষেক হবে সারাহ টেইলরের।