২০২৬ সালের বিসিবি ইলেকশন আগামী জুনেই।
২০২৬ সালের বিসিবি ইলেকশন আগামী জুনেই।   ছবি : আরটিএনএন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে কাউন্সিলর মনোনয়ন নিয়ে আলোচনা। বিশেষ করে ঢাকার ক্লাবপাড়া ঘিরে কে হচ্ছেন কাউন্সিলর, আর কারা পরিচালক পদে লড়বেন—সেটিই এখন বড় আলোচনার বিষয়।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গত মাসে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

নির্বাচন ঘিরে এরই মধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বর্তমান বোর্ড। বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিন ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠিও পাঠিয়েছে বিসিবি। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৬ মে ২০২৬।

এদিকে গতকাল গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশনও। তবে সবচেয়ে বেশি আলোচনা ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলর তালিকা ঘিরে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হয়েছেন মাসুদুজ্জামান। এই ক্লাব থেকে মাহবুব আনাম ও লোকমান হোসেনের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত লোকমান কাউন্সিলর হচ্ছেন না বলেই জানা গেছে।

অন্যদিকে আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা। ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল

ঢাকার ক্লাবগুলোর মধ্যে আরও যাঁরা কাউন্সিলর হয়েছেন, তাঁদের মধ্যে আছেন ব্রাদার্স ইউনিয়নের ইশরাক হোসেন, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু এবং প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী।

জেলা ও বিভাগীয় পর্যায়েও চলছে কাউন্সিলর মনোনয়নের তোড়জোড়। চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন সিরাজউদ্দিন আলমগীর।

সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে কাউন্সিলর হয়েছেন হাবিবুল বাশারখালেদ মাহমুদ সুজন। সাবেক ক্রিকেটারদের মধ্যে কাউন্সিলর তালিকায় আছেন তালহা জুবায়ের, সৈয়দ রাসেল, নাজমুল ইসলাম, নাফিস ইকবালনাইম ইসলাম।

জানা গেছে, বর্তমান অ্যাড-হক কমিটির অন্তত সাতজন সদস্য নির্বাচনে অংশ নিতে পারেন।

এবারের বিসিবি নির্বাচনেও থাকছে তিনটি ক্যাটাগরি। ক্যাটাগরি ‘এ’ থেকে জেলা ও বিভাগীয় কাউন্সিলররা ভোট দেবেন, যেখানে ভোটার সংখ্যা ৭১। ক্যাটাগরি ‘বি’তে থাকছেন ঢাকার ক্লাব প্রতিনিধিরা, তাঁদের ভোট ৭৬টি। আর ক্যাটাগরি ‘সি’তে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ জন ভোটার রয়েছেন। সব মিলিয়ে মোট ভোটার ১৯২ জন।