ফরাসি লিগ আঁ-তে নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করল পিএসজি। টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। শিরোপা নিশ্চিত করতে ড্রই যথেষ্ট ছিল, তবে লেঁসের মাঠে কোনো হিসাব না কষে ২-০ গোলের জয় নিয়েই উৎসব করেছে পিএসজি।
৩৩ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেঁস। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকলেও ৯ পয়েন্টের ব্যবধান আর ঘোচানো সম্ভব না। ফলে এক ম্যাচ হাতে রেখেই লিগ আঁ’র শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।
ফরাসি লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আগেই নিজেদের করে নিয়েছিল পিএসজি। এবার ১৪তম শিরোপা জিতে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর এটি এনরিকের অধিনে তৃতীয় লিগ শিরোপা। এরই মধ্যে ফ্রেঞ্চ সুপার কাপও জিতেছে দলটি। ফলে এ মৌসুমে ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনাও জাগিয়ে রেখেছে পিএসজি। আগামী ৩০ মে বুদাপেস্টে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে তারা।
পিএসজির ১৪টি লিগ শিরোপার মধ্যে ১২টিই এসেছে গত ১৪ বছরে। কাতারি মালিক নাসের আল খেলাইফির অধীনে ক্লাবটির এই উত্থান ইউরোপীয় ফুটবলে নতুন শক্তির প্রতীক হয়ে উঠেছে। ফরাসি লিগে টানা সাত শিরোপা জয়ের রেকর্ড এখনো লিঁও’র দখলে। তবে টানা পাঁচটি শিরোপা নিয়ে সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পিএসজি।
গত সপ্তাহেই শিরোপার পথ অনেকটা পরিষ্কার করে ফেলেছিল পিএসজি। ব্রেস্তকে ১-০ গোলে হারিয়ে তারা লেঁস’র চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যায়। গোল ব্যবধানেও বেশ এগিয়ে থাকায় তখন থেকেই শিরোপা জয় ছিল সময়ের অপেক্ষা।
লেঁস’র মাঠে ম্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ান উইঙ্গার খভিচা কাভারাসখেলিয়া। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে। ম্যাচ শেষে বিইন স্পোর্টসকে পিএসজি’র তারকা উসমান দেম্বেলে বলেন, ‘আমরা জিততে এসেছিলাম। তবে আমাদের মূল লক্ষ্য এখন ৩০ মে’র ফাইনালের প্রস্তুতি নেওয়া। সামনে আরও একটি ম্যাচ আছে। এই শিরোপা আমরা উদ্যাপন করব, কারণ এখন আমরা আনুষ্ঠানিকভাবেই চ্যাম্পিয়ন।’
এদিকে ইলিতে শিরোপা উৎসব করেছে ইন্টার মিলান। রোমে অনুষ্ঠিত ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় ট্রফি জিতেছে নেরাজ্জুরিরা।
ম্যাচের ১৪ মিনিটে লাৎসিও রাইটব্যাক আদাম মারুসিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ।
এরআগে সিরি আ’র ২১তম শিরোপাও নিশ্চিত করেছে ইন্টার। ফলে ২০১০ সালের পর এই প্রথম একই মৌসুমে লিগ ও কাপ- দুই ট্রফিই জিতল মিলানের ক্লাবটি। সবশেষ ২০১০ সালে হোসে মরিনহোর অধিনে চ্যাম্পিয়নস লিগ, সিরি ‘আ’ ও ইতালিয়ান কাপ জিতে ঐতিহাসিক ট্রেবল অর্জন করেছিল ইন্টার।
ম্যাচ শেষে ইন্টার কোচ ক্রিস্টিয়ান চিভু বলেন, ‘চমৎকার একটি মৌসুমে এই ট্রফিগুলো আমাদের প্রাপ্য ছিল। একই সঙ্গে লিগ ও কাপ জেতা সহজ নয়। আমরা দারুণ খুশি।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!