অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি।
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি।   ছবি: বিসিবি

সবশেষ নিউজিল্যান্ড সিরিজ ও চলমান পাকিস্তান সিরিজে ক্রিকেটারদের জন্য বাড়তি পুরস্কারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাড-হক কমিটি। দেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে এরই মধ্যে বাইক উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার সেই উদ্যোগে যুক্ত হলো আরও বড় চমক।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটারকে বিলাসবহুল চেরি গাড়ি উপহার দেওয়া হবে।

এ উপলক্ষে আজ(১২মে) মঙ্গলবার মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের সেরা পারফর্মার পাবেন এই পুরস্কার।

তামিম বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে সেরা ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটি গাড়ি দেবে চেরি।’

তিনি আরও বলেন, ‘চেরির মতো একটি ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে। বিশেষ করে গত দেড়–দুই বছরে বিসিবির যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখান থেকে বের হয়ে এসে এমন একটি প্রতিষ্ঠানের যুক্ত হওয়া ইতিবাচক দিক। গত সিরিজ ও এই সিরিজে বাইক কোম্পানিও এসেছে। এটা বিসিবির জন্য ভালো বার্তা।’

এর আগে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পরও বিশেষ পুরস্কার দেওয়ার কথা স্মরণ করেন তামিম। তিনি বলেন, ‘সর্বশেষ এমন উদ্যোগ হয়েছিল যখন আমরা প্রথম টেস্ট জিতেছিলাম। তখন আমার ভাই নাফিস ইকবাল পুরস্কার পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি সময় পর আবার এমন উদ্যোগ নেওয়া হলো। এজন্য চেরিকে ধন্যবাদ জানাই।’

স্পন্সর প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ার বিষয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তাঁর ভাষ্য, ‘এটা শুধু আমার জন্য নয়, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পন্সরদের সঙ্গে কাজ করার জন্য। তারা যে সম্মান দেখিয়েছেন, সেটা পুরোপুরি বিসিবির প্রাপ্য। বোর্ডই সবচেয়ে বড়, এরপর ব্যক্তি।’