বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।   ফাইল ফটো

পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে আজ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে বাংলাদেশ দল। সবমিলিয়ে লীড বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ রানের। মঙ্গলবারও (১২ মে) প্রথম সেশনে ব্যাট করবে টাইগাররা।

এমন পরিস্থিতিতে অবশ্য জয়ের আশা করছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘স্লো তো খেলে নাই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা ওইভাবেই খেলেছি।' 

যেহেতু বৃষ্টিটা তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না, এটা এমন একটা জিনিস। তো আমি বলবো যে এখনও যে উইকেটে আছে, আমরা যদি কালকে সকালে একটু ভালো ব্যাটিং করি, এখনও এই ম্যাচ জেতা সম্ভব।’

এরপর জানতে চাওয়া হয় কত রান করে ইনিংস ঘোষণা করবে দল। জবাবে আশরাফুল বলেন, ‘এখনও আমরা ঠিক করিনি কত রান করে আমরা মাঠ ছাড়বো। কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমরা যদি যেকোনোভাবে ৭০-৭৫ ওভার বোলিং করতে পারি কালকে যদি কোনো বৃষ্টি না হয় ৯০-৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘শেষ টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের তিনটা ইনিংসে আমাদের ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল, ১০০ রানের পার্টনারশিপ ছিল। জয় তিন ইনিংসে প্রায় ২৬৫ রান বা ২৩৫ রানের মতন করেছিল। সাদমান তিন ইনিংসে প্রায় ১৯০ এর বেশি রান করেছিল, দুইটা ৮০ রানের ইনিংস ছিল। জয়ের ক্যারিয়ার সেরা ১৭১ রানের একটা ইনিংস ছিল। এখানে দুইটা ইনিংসে রান হয়নি কারণ আমরা জানি যে আমরা টস হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলটা টিকে থাকা।’