ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া।   ছবি: সংগৃহীত

নতুন সমস্যায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৬-২৭ মৌসুমের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অনাগ্রহ দেখিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। চুক্তির আর্থিক সুবিধা না বাড়ালে দেশের লিগ ছেড়ে বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে যাওয়ার কথাও জানিয়েছেন তাঁরা। পরিস্থিতি সামাল দেওয়ার উপায় খুঁজছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা অন্তত পাঁচজন ক্রিকেটার নতুন প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট। তাঁদের অভিযোগ, আধুনিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও বাজারমূল্যের তুলনায় প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছেন না তাঁরা।

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ও ট্রাভিস হেড বোর্ডের কাছ থেকে বড় অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তাঁদের অঙ্গীকারও বেশি বলে মনে করা হচ্ছে।

তবে অন্য অনেক চুক্তিবদ্ধ ক্রিকেটার বর্তমান কাঠামোতে সন্তুষ্ট নন। তাঁদের দাবি, পারিশ্রমিক বাড়াতে হবে। তা না হলে বিদেশি লিগে নিয়মিত খেলার সুযোগ নিশ্চিত করতে হবে।

ক্রিকেটারদের মতে, বিগ ব্যাশ লিগের বেতন কাঠামোর সঙ্গে বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগের বড় পার্থক্য রয়েছে। দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইংল্যান্ডের বিভিন্ন লিগে তুলনামূলক কম পরিচিত ক্রিকেটাররাও মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন।