(এইচপি) বিভাগের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
(এইচপি) বিভাগের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার আব্দুর রাজ্জাক।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়েই নতুন দায়িত্বে কাজ শুরু করবেন রাজ্জাক। জানা গেছে, এক বছরের চুক্তিতে এইচপির সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন রাজ্জাক। তবে গত মাসে সেই বোর্ড ভেঙে যাওয়ার পর পরিচালকের পদ থেকেও সরে দাঁড়ান তিনি। এরপরই কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন রাজ্জাক। এরপর বিসিবির নির্বাচক প্যানেলে যোগ দিয়ে চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। গত বছর সম্পন্ন করেন লেভেল থ্রি কোচিং কোর্সও।

এইচপির আগামী মৌসুমে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ওপরই আস্থা রাখতে চায় বিসিবি। কোচিং স্টাফে আরও থাকছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়ের।

আগামী ১ জুন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। ৩ জুন বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। এরপর ৮, ১০ ও ১৩ জুন বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। পরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুটি চার দিনের ম্যাচ।

হোম সিরিজ শেষে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল। সেখানে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা। এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবে দলটি। সফরে টপ এন্ড টি-টোয়েন্টির পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলার সূচি রয়েছে। এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপির ক্রিকেটারদের অংশ নেওয়ার কথা রয়েছে।