“এল ক্লাসিকো” এমনিতেই ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ। তার ওপর ম্যাচটি যদি হয় লিগ শিরোপা নির্ধারণী, তাহলে উত্তেজনা পৌঁছে যায় অন্য উচ্চতায়। তবে মাঠের লড়াইয়ে সেই উত্তেজনার প্রতিফলন খুব একটা দেখা গেল না। শুরু থেকেই আধিপত্য দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা।
ক্যাম্প ন্যুতে জয়ের পর হাতে তিন ম্যাচ রেখেই শিরোপা উৎসবে মেতেছে কাতালানরা। এটি বার্সেলোনার ইতিহাসে ২৯তম লা লিগা শিরোপা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সা। ৯ মিনিটে দারুণ এক ফ্রি–কিকে দলকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। ১৮ মিনিটে দানি ওলমোর ব্যাকহিল পাস থেকে গোল করেন ফেরান তোরেস।
এরপর আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছিল বার্সেলোনা। তবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া একাধিক দুর্দান্ত সেভ করে দলকে বড় ব্যবধানে হার থেকে বাঁচান।
অন্যদিকে পুরো ম্যাচজুড়ে ছন্নছাড়া ছিল রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়ার প্রভাব স্পষ্ট ছিল। ভিনিসিয়ুস জুনিয়রও নিজেকে মেলে ধরতে পারেননি। ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যভেদ করতে পেরেছে রিয়াল।
৬৩ মিনিটে জুড বেলিংহামের বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। সেটিই ছিল রিয়ালের উল্লেখযোগ্য সুযোগগুলোর একটি।
এই জয়ে ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৭। বাকি তিন ম্যাচ জিতলেও বার্সাকে আর ছুঁতে পারবে না মাদ্রিদের ক্লাবটি।
ম্যাচে বার্সার একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও জুলস কুন্দে। তবু দাপুটে ফুটবল খেলতে কোনো সমস্যা হয়নি হান্সি ফ্লিকের দলের। ম্যাচের আগে ব্যক্তিগত শোকের মধ্যেও ডাগআউটে উপস্থিত ছিলেন ফ্লিক। পরে গোল উদ্যাপনের সময় কোচের কাছেই ছুটে যান রাশফোর্ড ও তোরেস।
শেষ বাঁশি বাজার পর ক্যাম্প ন্যুতে শুরু হয় শিরোপা উৎসব। সতীর্থদের সঙ্গে আনন্দে মাতেন ইয়ামাল-রাফিনিয়ারা। গ্যালারিজুড়ে ধ্বনিত হয়, ‘চ্যাম্পিয়নস, চ্যাম্পিয়নস’।
অন্যদিকে টানা দ্বিতীয় মৌসুম ট্রফিশূন্য থাকল রিয়াল মাদ্রিদ। দলটির কোচিং স্টাফে পরিবর্তনের গুঞ্জনও আরও জোরালো হয়েছে এই হারের পর।
গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল জেতানো হান্সি ফ্লিক এবারও এনে দিলেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। তাঁর অধীনে দুই মৌসুমে এটি বার্সেলোনার পঞ্চম শিরোপা।
ইফাজ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!