লিটন দাস।
লিটন দাস।   ছবি: সংগৃহীত

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস। ৩৩ রানে আউট হয়ে ফিরলেও ব্যাট হাতে নতুন এক ইতিহাস গড়েছেন তিনি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। ২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দেশের ব্যাটারদের মধ্যে তিনিই প্রথম এই কীর্তি গড়লেন।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ৭১ রান করেন। সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে তার রান ১৮৭৬। গড়ের দিক থেকে অবশ্য এগিয়ে মুশফিক (৪৩.৬২), যেখানে লিটনের গড় ৩৭.২০।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এরপর আছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক এবং মেহেদী হাসান মিরাজ। চলমান ম্যাচে সেঞ্চুরি করেছেন শান্ত, খেলেছেন ১০১ রানের ইনিংস। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপে তার পঞ্চম সেঞ্চুরি।

অন্যদিকে, সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে মুমিনুলকে। প্রথম দিনে তিনি ৯১ রানে আউট হন। মিরাজ করেন ১০ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ইংল্যান্ডের জো রুট। এখন পর্যন্ত তার সংগ্রহ ৬৪৮০ রান।