১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ২০২৬।
১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ২০২৬।   ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যতিক্রমী আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ সামনে রেখে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—নিজ নিজ মাটিতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে। প্রতিটি দেশের প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।

আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে গ্র্যামিজয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন, লিলা ডাউন্স সহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। থাকবে লস অ্যাঞ্জেলস আজুলসের পরিবেশনাও।

রয়টার্সের বরাতে ফিফা জানিয়েছে, মেক্সিকোর উদ্বোধনী আয়োজনে দেশটির ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হবে। আদিবাসী সংস্কৃতি থেকে শুরু করে আধুনিক লোকজ ধারার শিল্পীদের অংশগ্রহণ থাকবে অনুষ্ঠানে।

এক দিন পর, ১২ জুন টরোন্টোতে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। স্বাগতিকদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কানাডীয় সংগীতশিল্পী অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে ও অ্যালেসিয়া কারা।

এ ছাড়া পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত লস অ্যাঞ্জেলসভিত্তিক ডিজে ডিজে সঞ্জয়। অনুষ্ঠানে আরও থাকবেন জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে ১৩ জুন লস অ্যাঞ্জেলসে। সেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি।

এ ছাড়া মঞ্চ মাতাবেন র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, কে-পপ তারকা লিসা, আফ্রিকান সংগীতশিল্পী রেমা ও টাইলা

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে বিশ্বকাপের ব্যাপ্তি, উচ্চাকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন ঘটে।

এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের প্রথম ৪৮ দলের আসর। একই সঙ্গে প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। এর আগে ২০০২ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া ও জাপান।