পেসার নাহিদ রানা।
পেসার নাহিদ রানা।   ছবি: সংগৃহীত

দুর্দান্ত ছন্দে আছেন নাহিদ রানা। জাতীয় দল হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, বল হাতে পেলেই গতির ঝড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামাচ্ছেন বাংলাদেশের এই তরুণ পেসার। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়ার মাধ্যমে।

এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে নাহিদ রানার সঙ্গে জায়গা পেয়েছেন ওমানের অধিনায়ক জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগুনঝরা বোলিং করেন নাহিদ। তিন ম্যাচের সিরিজে ৪.৪৬ ইকোনমি রেটে ৮ উইকেট নিয়ে হন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’। তাঁর দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে নাহিদের বিধ্বংসী স্পেল ছিল সিরিজের বড় আকর্ষণ। মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশ জেতে ৫৫ রানে। পরে চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও আরও ২ উইকেট নিয়ে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন এই ২৩ বছর বয়সী পেসার।

নাহিদের প্রতিদ্বন্দ্বী জতিন্দর সিং এপ্রিলে ওয়ানডেতে ৫৩.২০ গড়ে ২৬৬ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১১৫.১৫। নেপালের বিপক্ষে ৯১ বলে ১৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ওমান অধিনায়ক, যা দেশটির কোনো ব্যাটারের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার মাত্র ৩.৬৬ ইকোনমিতে ৯ উইকেট শিকার করেছেন। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই আলো ছড়ান তিনি। নেপালের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট তুলে নেন এই পেসার।

নারীদের বিভাগে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট, শ্রীলঙ্কার ব্যাটার ইমেশা দুলানি ও ব্রাজিলের অলরাউন্ডার লরা কারডোসো।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উলভার্ট এপ্রিলজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি ৬৯ রানের ইনিংস খেলার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেন তিনি। সেই সিরিজে একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকও করেন এই ওপেনার।

শ্রীলঙ্কার ব্যাটার ইমেশা দুলানি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১৬ রান করে হন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’। পরে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তিনি।

আর ব্রাজিলের অলরাউন্ডার লরা কারডোসোর এপ্রিল যেন ছিল স্বপ্নের মতো। টি-টোয়েন্টিতে সাত ম্যাচে ২০৩ রান করার পাশাপাশি বল হাতে নেন ১৭ উইকেট। লেসোথোর বিপক্ষে ৪ রানে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।