চার বছরের অপেক্ষা শেষে শিরোপা জয়ের স্বপ্ন আরও জোরালোভাবে দেখতে শুরু করেছে আল নাসর। দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো-ও সৌদি আরবে যোগ দেওয়ার পর প্রথম বড় ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
বৃহস্পতিবার রাতে বড় জয়ের ম্যাচে সৌদি প্রো লিগে নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে আগে থেকেই শীর্ষে থাকা আল নাসর এদিন আল শাবাবকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল-এর চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে রোনালদো-সাদিও মানেদের দল। যদিও আল নাসর একটি ম্যাচ বেশি খেলেছে। লিগে তাদের বাকি আছে আরও দুই ম্যাচ। বাকি দুই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণের অপেক্ষা থাকবে না। তবে ড্র কিংবা হার শিরোপার লড়াইকে আবারও জমিয়ে তুলতে পারে।
ম্যাচের ৭৫তম মিনিটে আল নাসরের চতুর্থ গোলটি করেন রোনালদো। বক্সের ভেতরে সাদিও মানে-এর বাড়ানো বল কয়েকজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে এক টোকায় জালে পাঠান সিআরসেভেন। এই গোলেই সৌদি প্রো লিগে তার ১০০ গোল পূর্ণ হয়। একই সঙ্গে এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৭১তম গোল। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন তিনি।
এদিকে আল নাসরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন জোয়াও ফেলিক্স। গত জুলাইয়ে চেলসি ছেড়ে সৌদি ক্লাবে যোগ দেওয়া এই পর্তুগিজ ফরোয়ার্ড হ্যাটট্রিক করেছেন। পেনাল্টি থেকে পাওয়া শেষ গোলটিতে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।
ম্যাচ শেষে আল নাসরের কোচ জর্জ জেসুস রোনালদোর প্রশংসা করে বলেন, রোনালদো সবসময়ই ভয়ঙ্কর ফরোয়ার্ড এবং আমরা সেটি আজ আবার দেখলাম। এখন আমাদের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ডার্বি ম্যাচের দিকে তাকাতে হবে। আমরা সেই ম্যাচের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন এবং জয় নিশ্চিত করতে খুঁটিনাটি সব বিষয়েই মনোযোগ দিচ্ছি।
আগামী মঙ্গলবার শিরোপার অন্যতম দাবিদার আল হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আল নাসর। রিয়াদের দুই জায়ান্ট ক্লাবের এই ডার্বিই চলতি মৌসুমের শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বর্তমানে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের সংগ্রহ ৭৭ পয়েন্ট।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!