দেশের বাইরে ৬ টেস্টে ৩ জয়। অথচ ঘরের মাঠে একই সংখ্যক ম্যাচে জয় মাত্র একটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে বাংলাদেশের এমন পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। নতুন চক্র শুরু হওয়ার আগে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কোথায় ঘাটতি, কোন জায়গায় উন্নতি দরকার?
বৃহস্পতিবার (৭মে) মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ঘরের মাঠে ভালো করার মূল চাবিকাঠি দেখছেন প্রথম ইনিংসের ব্যাটিংয়ে।
শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে চাইব, এই চক্রে ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচ আমরা জিতি। ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগতভাবে আমি চাই, প্রথম ইনিংসে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলি। এই চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে আমার মনে হয় চক্রটা আরও ভালো হবে।’
পরিসংখ্যানও বলছে, সমস্যার জায়গাটা ব্যাটিংয়েই। গত চক্রে ঘরের মাঠে খেলা ৬ টেস্টের মধ্যে বাংলাদেশ মাত্র একবার ৩০০ রানের বেশি করতে পেরেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ৩১০ রানের ইনিংস বাদ দিলে অন্য কোনো ম্যাচে ২০০ রানও ছুঁতে পারেনি দল।
এ কারণেই প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার ওপর জোর দিচ্ছেন শান্ত। তাঁর ভাষায়, ‘প্রথম ইনিংসে ৪০০ এর বেশি রান করতে পারলে সেটা দলের জন্য খুব ভালো হবে। একটা বিষয় বুঝতে হবে, সবার খেলার ধরন এক রকম নয়। আমি চাই না কেউ নিজের স্বাভাবিক খেলা বদলে ফেলুক। যে যেভাবে খেলতে স্বচ্ছন্দ, সেভাবেই খেলুক। গুরুত্বপূর্ণ হলো রান করা। ৮০ ওভারে ৪০০ হলে সমস্যা নেই, আবার ১২০ ওভার লাগলেও আমার কোনো সমস্যা নেই।’
বাংলাদেশের বর্তমান ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতারও কমতি নেই। পাকিস্তান সিরিজে নতুন মুখ তানজিদ হাসান ও অমিত হাসান ছাড়া দলের প্রায় সবাই অন্তত ২০টি করে টেস্ট খেলেছেন। তবে তাঁদের বেশির ভাগ ম্যাচই ছিল বিদেশের কঠিন কন্ডিশনে।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে স্পোর্টিং উইকেটের আভাস মিলছে, যেখানে ব্যাটসম্যান ও বোলার—দুই পক্ষই সমান সুবিধা পেতে পারেন। এমন কন্ডিশনে ব্যাটসম্যানদের ভালো করার আশা দেখছেন শান্ত।
তিনি বলেন, ‘কন্ডিশন যেমনই হোক, সেটার সঙ্গে মানিয়ে কত ভালো ব্যাটিং করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ। তবে সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, আগের চেয়ে অনেক ভালো উইকেটে আমরা খেলেছি। আশা করা যায়, ধীরে ধীরে ব্যাটসম্যানরা এখানে আরও ভালো ব্যাটিং করতে পারবে।’
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেটে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!