প্রিমিয়ার লিগে মুখোমুখি ঢাকা লেপার্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
প্রিমিয়ার লিগে মুখোমুখি ঢাকা লেপার্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব   ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগে যানজটের কারণে ম্যাচ সূচিতে বিঘ্ন ঘটার ঘটনা নতুন নয়। দুই বছর আগে সাভারের বিকেএসপিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কারণে স্থগিত করতে হয়েছিল দুটি ম্যাচ। এবারও যানজটের কারণে নির্ধারিত সময়ের আধঘণ্টা পরে শুরু হয়েছে ঢাকা লেপার্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ।

বৃহস্পতিবার সকালে পূবেরগাঁ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি) যাওয়ার পথে যানজটে আটকে পড়েন দুই দলের ক্রিকেটার ও ম্যাচ কর্মকর্তারা। ফলে সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হয় আধঘণ্টা দেরিতে। তবে ম্যাচটি পূর্ণ ৫০ ওভারেরই হচ্ছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

জানা গেছে, পূর্বাচল হয়ে পিকেএসপির পথে কাঞ্চন ব্রিজ এলাকায় চলমান উন্নয়নকাজের কারণে মূল সড়ক বন্ধ রাখা হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এতে কয়েক ঘণ্টা অতিরিক্ত সময় লেগে যাচ্ছে যাতায়াতে।

প্রিমিয়ার লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের কো-অর্ডিনেটর মোহাম্মদ সেলিম বলেন, ‘ম্যাচটা আধঘণ্টা পর শুরু হয়েছে। খেলাও পুরো ৫০ ওভার হবে। পূবেরগাঁওয়ে যেতে অনেক সময় লেগে গেছে।’

এবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ হচ্ছে রাজধানীর ছয়টি মাঠে। বৃষ্টির মৌসুম ঘনিয়ে আসায় দ্রুত টুর্নামেন্ট শেষ করতে চায় সিসিডিএম। তবে প্রথম দিন থেকেই নানা কারণে সূচিতে বিঘ্ন দেখা দিয়েছে। কোথাও ভেজা আউটফিল্ড, কোথাও আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।

বৃহস্পতিবার  সকাল ৯টায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছে শুধু বিকেএসপির দুটি মাঠে। অথচ আগের দিন সময়মতো খেলা শুরু হওয়া পিকেএসপিতেই আজ যানজটের কারণে দেরি হয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইউল্যাব মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংকের ম্যাচ শুরু করা যায়নি ভেজা আউটফিল্ডের কারণে। একই কারণে ক্রিকেটার্স একাডেমি মাঠে আবাহনী ও সিটি ক্লাবের ম্যাচও বিলম্বিত হয়। অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পরে।

ইফাজ/আরটিএনএন