মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি
মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি   ছবি: সংগৃহীত

আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার (৬মে) রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।

গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগে ৫-৪ গোলে জিতেছিল পিএসজি। সেই ব্যবধান ধরে রেখেই টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মঞ্চের ফাইনালে জায়গা করে নিল তারা। আগামী ৩০ মে (শনিবার) বুদাপেস্টে শিরোপার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে প্রথম গোল পায় পিএসজি। উসমান দেম্বেলের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় সফরকারীরা। গোলটিতে বড় অবদান ছিল খিচা কাভারাতসেখেলিয়ার। বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে উঠে এসে রক্ষণ ভেঙে দেম্বেলের উদ্দেশে কাটব্যাক পাস দেন জর্জিয়ান এই উইঙ্গার।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রেফারিং নিয়েও বিতর্ক তৈরি হয়। বায়ার্ন খেলোয়াড়রা নুনো মেন্ডেসের সম্ভাব্য হ্যান্ডবলের অভিযোগ তুললেও রেফারি তাতে সাড়া দেননি। পরে পিএসজির পেনাল্টি বক্সে জোয়াও নেভেসের বিরুদ্ধেও হ্যান্ডবলের আবেদন ওঠে, সেটিও নাকচ করে দেন ম্যাচ কর্মকর্তা।

এই ম্যাচে অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন কাভারাতসেখেলিয়া। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টানা সাত ম্যাচে গোল বা অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড় এখন তিনি। চলতি মৌসুমে তার গোল ১০টি, সঙ্গে আছে ৬টি অ্যাসিস্ট। গোলসংখ্যায় তিনি ছুঁয়েছেন কিলিয়ান এমবাপ্পেকেও।

দ্বিতীয় লেগে মাঠে নামার আগে টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা দুই দল ছিল পিএসজি ও বায়ার্ন। পিএসজির গোল ছিল ৪৩টি, বায়ার্নের ৪২টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম একই মৌসুমে দুটি দল ৪০-এর বেশি গোলের মাইলফলক ছুঁয়েছে।

শেষ দিকে বায়ার্ন মরিয়া চেষ্টা চালালেও নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে হ্যারি কেইনের গোলটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে। এর ফলে ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেল জার্মান ক্লাবটির।

এর আগে মঙ্গলবার অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।

এবারের ফাইনালে জিততে পারলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়বে পিএসজি। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে টানা তিনবার শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।