হামজা চৌধুরী
হামজা চৌধুরী   ছবি: সংগৃহীত

নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় আছেন বাংলাদেশের ফুটবলের অন্যতম পরিচিত মুখ হামজা দেওয়ান চৌধুরী। আজ দুপুরে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে,আজ (৬ মে)দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে মিরপুরে পৌঁছানোর কথা রয়েছে হামজার। সেখানে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং কিছু সময় কাটাবেন তিনি।

এর আগে একাধিকবার বাংলাদেশে এলেও দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই স্টেডিয়ামে কখনো যাওয়া হয়নি তাঁর। তাই এবারের সফরটি তাঁর জন্য আলাদা গুরুত্ব বহন করছে।

ফুটবলেই যাঁর মূল পরিচয়, সেই হামজা বরাবরই ক্রিকেটপ্রেমী হিসেবেও পরিচিত। বিভিন্ন সময় সাক্ষাৎকারে ক্রিকেটের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। সুযোগ পেলেই আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ দেখেন বলেও জানা গেছে।

আজকের এই সফরে ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়ে ক্রিকেটের আবহে নিজেকে ডুবিয়ে দিতে চান তিনি। জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সময় কাটানোর এই অভিজ্ঞতা তাঁর জন্য নতুন এক অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।