রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক   ছবি: সংগৃহীত

খেলার মাঠে ভবিষ্যতে কোনো ধরনের মেলার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলার পরিবেশ অক্ষুন্ন  রাখতে স্টেডিয়াম বা মাঠ অন্য কাজে ব্যবহারের সুযোগ আর দেওয়া হবে না।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে  জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক । সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

জেলা পর্যায়ের মাঠে মেলার কারণে খেলাধুলা ব্যাহত হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, অতীতে বিভিন্ন সময় মাঠে মেলার অনুমতি দেওয়া হলেও দায়িত্ব নেওয়ার পর তিনি এমন কোনো অনুমতি দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।

যেইখানে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের আউটার মাঠ, রাজধানীর বিভিন্ন খেলার মাঠ যা অধিকাংশ সময় বিভিন্ন মেলার হকার বসে থাকে বলে মাঠ খেলাধুলা করার উপযোগী থাকে না।

২০২৪ সালে এক প্রতিবেদনে দেখা যায় ,চট্টগ্রামের এম এ আজিজ  স্টেডিয়ামের বাইরে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির এক ক্ষুদে শিক্ষার্থী গণমাধ্যমকে জানান “ এইখানে (শহরে) খেলার মাঠ কম, বলতে গেলে একদমই নাই,বছরের অর্ধেক সময় বৃষ্টি থাকে, আর বাকি সময়ের বেশিরভাগ দিন মাঠে মেলা হয়, তাই আমরা খেলাধুলা করতে পারি না”  

খেলার মাঠে হকার পুনর্বাসনের বিষয়ে দুই সিটি করপোরেশনের পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী  বলেন, যেসব মাঠ খেলাধুলার উপযোগী, সেগুলোতে কোনোভাবেই হকার বসানো হবে না। এ বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির প্রক্রিয়া জোরদার করা হবে।

‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ধারাবাহিকভাবে এই আয়োজন চালিয়ে গেলে আগামী কয়েক বছরে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার বিস্তার ঘটানো সম্ভব হবে। এতে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।