বাংলাদেশের সমর্থকেরা
শিক্ষার্থীদের জন্যে থাকছে ফ্রি খেলা দেখার সুবিধা   ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ সামনে রেখে পাকিস্থানের ক্রিকেটাররা টানা অনুশীলনে ব্যস্ত  সময় পার করছেন।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি ১৬ মে থেকে অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজকে ঘিরে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই ম্যাচেই স্কুলশিক্ষার্থী এবং বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন।

তবে এই সুবিধা পেতে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। অন্যদিকে ১৫ বছরের কম বয়সী একাডেমি প্রশিক্ষণার্থীদের একাডেমির নির্ধারিত পোশাক পরেই স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

সাধারণ দর্শকদের জন্য টিকিটের দাম বেশ হাতের নাগালেই রাখা হয়েছে। মিরপুর টেস্টের জন্য নির্ধারিত মূল্য:

  • ইস্টার্ন গ্যালারি: ৫০ টাকা
  • ক্লাব হাউস: ২০০ টাকা
  • ইন্টারন্যাশনাল গ্যালারি: ৩০০ টাকা
  • গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা

অনলাইনে টিকিট পাওয়া যাবে gobcbticket.com.bd ওয়েবসাইটে।

স্টেডিয়ামে দর্শক খরা কাটাতে এবং বিশেষ করে টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। বিসিবি মনে করছে, কিশোর শিক্ষার্থীদের সরাসরি মাঠে এনে খেলা দেখার সুযোগ দিলে তাদের মধ্যে ক্রিকেটের এই আদি ও অভিজাত ফরম্যাট নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হবে।