ম্যাচ সেরা পুরষ্কার হাতে আলিস আল ইসলাম (বিসিবি)।
ম্যাচ সেরা পুরষ্কার হাতে আলিস আল ইসলাম (বিসিবি)।   ছবি: সংগৃহীত

দুই বছর ধরে চোটের কারণে ক্রিকেটের বাইরে ছিলেন আলিস আল ইসলাম। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে আসাটা যে সহজ ছিল না, সেটিই জানালেন এই রহস্য স্পিনার। তবে প্রত্যাবর্তনের শুরুটা রাঙালেন দারুণ পারফরম্যান্সে।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল প্রাইম ব্যাংকের হয়ে প্রথম ম্যাচেই বল হাতে উজ্জ্বল ছিলেন আলিস। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। তাঁর এই পারফরম্যান্সেই ২২ রানের জয় পায় প্রাইম ব্যাংক, আর ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।

ম্যাচ শেষে দলের তরুণদের নিয়ে আশাবাদী শোনায় আলিসকে। তিনি বলেন, “আমাদের দলটা অনেক তরুণ। দলে এমন অনেক প্রতিভা আছে, যারা ভবিষ্যতে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে। আমরা চাই তারা নিজেদের সেরা খেলাটা খেলুক এবং এই প্রতিযোগিতায় ভালো করুক।”

পাঁচ উইকেট না পাওয়ার আক্ষেপ নেই বলেও জানান তিনি। আলিস বলেন, “আমি সব সময় সঠিক জায়গায় বল করার চেষ্টা করি। উইকেট পাওয়া–না পাওয়া আল্লাহর হাতে।”

ইনজুরির কারণে গত দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেলতে পারেননি আলিস। তাই ফিরে আসাটা ছিল বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “গত দুই বছর লিস্ট ‘এ’ ক্রিকেট খেলতেই পারিনি। ফিরে আসার শুরুটা কঠিন ছিল। প্রথম ম্যাচেই এত ভালো করব, এটা ভাবিনি। দুই মৌসুম না খেলায় একটা চাপও ছিল। ইনজুরি কাটিয়ে ফেরা আমার জন্য সত্যিই চ্যালেঞ্জিং ছিল।”

নিজের বোলিং নিয়েও সচেতন এই স্পিনার। প্রতিপক্ষ এখন তাঁকে নিয়ে পরিকল্পনা করেই নামে বলে মনে করেন তিনি। আলিস বলেন, “এখন সবাই জানে আমি দুই দিকেই বল ঘোরাতে পারি। তাই সবাই সতর্ক হয়ে খেলে। আমাকে আরও উন্নতি করতে হবে, না হলে ধার কমে গেলে সফল হওয়া কঠিন হয়ে যাবে।”

ইফাজ/আরটিএনএন