রোহিত শর্মার ঝড়ো ইনিংসে ভর করে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
রোহিত শর্মার ঝড়ো ইনিংসে ভর করে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।   ছবি: বিসিসিআই/আইপিএল

চোট কাটিয়ে দলে ফিরেই ম্যাচ জয়ের নায়ক হলেন রোহিত শর্মা। তার ঝড়ো ইনিংসে ভর করে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ম্যাচের শুরুতে ব্যাট হাতে দাপট দেখান নিকোলাস পুরান। ২১ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংসে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বড় সংগ্রহের ভিত গড়ে দেন এই ক্যারিবীয় ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রান তোলে লক্ষ্ণৌ।

তবে রান পাহাড় গড়লেও বোলারদের ভুল লেন্থ ও পেসারদের জন্য প্রতিকূল উইকেট শেষ পর্যন্ত ভোগাতে হয়েছে দলটিকে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত ও রায়ান রিকেলটন। মাত্র ৬৫ বলে ১৪৩ রানের জুটি গড়ে ম্যাচকে একপেশে করে দেন তারা।

শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি মৌসুমে এটি তাদের প্রথম জয়। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে দলটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসেও এটি ষষ্ঠ সর্বোচ্চ রান তাড়া করে জয়।

জয়ের পেছনে শুধু ওপেনিং জুটি নয়, মাঝের ও ডেথ ওভারে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জসপ্রীত বুমরাহ, রাঘব শর্মা ও দীপক চাহারের সংযত বোলিংয়ে ১২ থেকে ২০ ওভারের মধ্যে মাত্র ৪২ রান তুলতে পারে লক্ষ্ণৌ, যা ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রোহিতই। পাঁচ ম্যাচ পর মাঠে ফিরে ৪৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাবেক অধিনায়ক। অন্যদিকে রিকেলটন ৩২ বলে ৮৩ রান করে সমান তালে সঙ্গ দেন, যার স্ট্রাইক রেট ছিল চোখ কপালে তোলার মতো।

শেষ দিকে নামান ধীর ও উইল জ্যাকসের ঝোড়ো ব্যাটিংয়ে ১৯তম ওভারেই জয় নিশ্চিত করে মুম্বাই।

এই জয়ে তিন ম্যাচ পর আবার জয়ের দেখা পেল মুম্বাই। তবে পয়েন্ট টেবিলে খুব বেশি পরিবর্তন হয়নি-৬ পয়েন্ট নিয়ে নবম স্থানেই আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।